৭ ঘণ্টা পর উদ্ধার করা হলো অপহৃত ঢাবি শিক্ষার্থীকে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় এই অপহরণের ঘটনা ঘটে। 

অপহরণের শিকার দীপিকা চাকমা লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপহরণের প্রায় সাত ঘন্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সেই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমান তিনি পরিবারের সঙ্গে নিরাপদে আছেন বলে জানিয়েছে লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌস আরফিন ওসমান।

জানা যায়, দীপিকা তার বিভাগের বন্ধুদের সঙ্গে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। পথে রুইলুই পাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। ওই এলাকাটি ইউপিডিএপ নিয়ন্ত্রণাধীন বলে স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে। পরবর্তী তার বন্ধুরা সাজেকে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীকে বিষয়টি জানালে তারা উদ্ধারে তৎপর হয়। অপহরণের আসল কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বাঙ্গালি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ায় হয়তো ওই পাহাড়ী রাজনৈতিক দলটি তাকে অপহরণ করেছে। কেননা তাকে হস্তান্তর করার সময় তার মা বাবাকে কোন বাঙ্গালিদের সঙ্গে নিতে নিষেধ করা হয়েছে।  

ইত্তেফাক/এআই