ঝালকাঠির রাজাপুরে অস্ত্র ও মাদকসহ রোজিনা বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাসা থেকে একটি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
রোজিনা ওই গ্রামের আল আমিনের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আল আমিন পলাতক রয়েছেন। অন্যদিকে, পলাতক আল আমিন একই গ্রামের মৃত মানিক হাওলাদার ছেলে। রাতেই তাদের দুজনের নামে রাজাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজাপুরের গালুয়া ইউনিয়নে কানুদাসকাঠি গ্রামের আল আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি ও ১৫ বোতল ফেনসিডিলসহ রোজিনা বেগমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় স্বামী আল আমিন পালিয়ে যায়।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ঝালকাঠি জেলার রাজাপুরের কানুদাসকাঠি গ্রামের আল আমিনের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি ও ১৫ বোতল ফেনসিডিলসহ রোজিনা বেগমকে আটক হয়। এ ঘটনায় অন্য আসামি রোজিনার স্বামী আল আমিন পলাতক রয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, গ্রেপ্তারকৃত নারীকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
