ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত যুবক ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি গ্রামের জাকির শেখের ছেলে রাসেল শেখ (২২)। বুধবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। এতে রাসেলসহ পাঁচজন আহত হয়।

পুলিশ ও এলাকা সূত্রে জানায়, বুধবার বিকেলে হোগলাকান্দি গ্রামের মাঠে হোগলাকান্দি গ্রামের যুবক ও বাইশাখালি গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা হয়। ফুটবল খেলা চলাকালে বাইশাখালি গ্রামের যুবক আমানতের সঙ্গে হোগলাকান্দি গ্রামের যুবক রাসেলের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর দুই গ্রামের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় উভয় পক্ষের পাঁচজন আহত হয়। গুরুতর আহত রাসেলকে প্রথম ভাঙ্গা হাসপাতাল এবং পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলেই চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়।

রাসেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাইশাখালি গ্রামে ব্যাপক ভাঙচুর ও  লুটপাটের ঘটনা ঘটে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, ফুটবল খেলা নিয়ে যুবকদের মধ্যে মারামারি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়। এলাকা এখন থমথমে পরিস্থিতিতে রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এইচএ