বিরতি থেকে ফিরতেই গোল হজম বাংলাদেশের

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৮

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচে প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ। বসুন্ধরা আবাসিকে কিংস এরেনায় অ্যাটাকিং থার্ডে আটকে যাওয়ায় গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল। তবে বিরতি থেকে ফিরেই বাংলাদেশের জালে বল জড়ায় আফগানরা। তাতে ০-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।  

ম্যাচের শুরু থেকে অপরিকল্পিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৬ মিনিতে ফ্রি কিক পায় জামাল ভুঁইয়ারা। তবে সেখান থেকে সুবিধা করতে পারেনি তারা। এরপর ম্যাচের ১৯ মিনিটে ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ডাগআউটে। 

মেজাজ হারানোয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আফগানিস্তানের কোচ। আব্দুল্লাহ আল মুতাইরী। অন্যদিকে একই ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন। 

বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে গোলের ভালো সুযোগ পায় বাংলাদেশ। কর্নার থেকে পাওয়া বলে ডি বক্সের ভেতর থেকে জামাল শট নিয়েছিলেন। কিন্তু একেবারে গোলমুখের সামনে থেকে প্রতিহত হয় এক আফগান খেলোয়াড়ের পায়ে লেগে। 

প্রথমার্ধে বাংলাদেশের সবচেয়ে ভালো সুযোগ ছিল এটিই। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল।

বিরতিতে থেকে ফিরেই গোলের দেখা পায় আফগানিস্তান। ম্যাচের ৫২ মিনিটে জাবের শারজাহ গোল করে এগিয়ে দেন সফরকারীদের।      

 

 

ইত্তেফাক/জেডএইচ