চলমান এশিয়া কাপের ফাইনালে যাওয়ার দৌড়ে টিকে আজ সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচের পর ছুটিতে পারিবারিক কারণে দেশে ফিরতে পারেন টাইগার অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। দলের সঙ্গে থাকা ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি জানিয়েছে।
জানা গেছে, দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন মুশফিক। এই সময়টায় স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার। শ্রীলঙ্কার ম্যাচ খেলে ঢাকায় ফিরতে চান তিনি। আর তার এই বিষয়টি বেশ গুরুত্ব সহকারে দেখছে টিম ম্যানেজমেন্টও। তবে সুপার ফোরের শেষ ম্যাচে অর্থাৎ ভারতের বিপক্ষের খেলায় তিনি দলে থাকবেন কিনা তা এখনো জানা যায়নি। সবকিছু নির্ভর করছে কলম্বোর রানাসিঙ্গে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া আজকের ম্যাচের ওপর। যদি আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পান টাইগাররা তাহলে এশিয়া কাপের ফাইনালে খেলার সম্ভাবনা টিকে থাকবে। সেক্ষেত্রে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচের আগে মুশফিক হয়তো শ্রীলঙ্কায় গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন।
এদিকে এশিয়া কাপের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পার করছে বাংলাদেশ দল। ইংল্যান্ড থেকে চিকিত্সা নিয়ে ফিরে এই টুর্নামেন্টে খেলছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। জ্বরের কারণে লিটন দাসও খেলতে পারেননি গ্রুপ পর্বের ম্যাচে। তবে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এছাড়া টুর্নামেন্টের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দেশে ফিরতে হয়েছে ব্যাট হাতে দুর্দান্ত ফরমে থাকা নাজমুল হাসান শান্তকেও। এখন যদি মুশফিকুর রহিমকেও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টাইগাররা দলে না পায় তাহলে বেশ চাপেই পরে যাবে। এশিয়া কাপে এখন অবধি তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম প্রথম দুটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে না পারলেও সবশেষ পাকিস্তানের বিপক্ষে টপ অর্ডারদের হারানোর পর ৬৪ রানের ইনিংস ও সাকিবের সঙ্গে বড় জুটি করে লড়াকু সংগ্রহ করতে সহায়তা করেছিলেন।
