এক-দুটো ম্যাচে এমন হতেই পারে, ঘাবড়ানোর কিছু নেই: তামিম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪২

গেল বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষের সিরিজে পিঠে চোট পেয়ে ভুগছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তবে গেল জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পর থেকেই দলের বাইরে টাইগার এই অভিজ্ঞ ওপেনার। চলমান এশিয়া কাপের দলে নেই। আর তাকে ছাড়া দলেও ওপেনিং পজিশনে ব্যাটিং নিয়ে বেশ ঝামেলাই পোহাতে হচ্ছে টাইগারদের। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের দুটিতেই বাজে ভাবে ব্যাটিং ব্যর্থতা দেখেছে দল। হেরেছেও বড় ব্যবধানে। তবে দলের বাইরে থাকা তামিম ইকবালের মতে এমন এক-দুটো ম্যাচে হতেই পারে, এটি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই।

গতকাল মিরপুরে একটি শোরুম উদ্বোধনে এসে গণমাধ্যমের মুখোমুখি হলে চলমান এশিয়া কাপ নিয়মিত দেখা হচ্ছে জানিয়ে দল নিয়ে টাইগার সাবেক অধিনায়ক বলেন, ‘দল ভালো না খেললে হতাশ অবশ্যই হই। আমার মনে হয় না এক-দুটো খারাপ পারফরম্যান্সের কারণে লাস্ট পাঁচ-ছয় বছরের হার্ড ওয়ার্ক ভুলে যাব। এটা হতেই পারে। আমার মনে হয় আমরা এখনো খুব ভালো দল ওয়ানডেতে। একটা দুটা ম্যাচে এমন হতেই পারে। আর এটা হলেও ঘাবড়ানোর কিছু নেই। ড্রেসিংরুমে যারা আছে, তারা সবাই বিশ্বাস করে আমরা গত দুই-তিন ম্যাচে যা হয়েছে তার চেয়ে ভালো দল।’

গত কয়েক বছরে দেশের মাটিতে ওয়ানডেতে বেশ ভালো করছে বাংলাদেশ। সবশেষ সিরিজগুলোতেও আশানুরূপ ফল। সব কিছু মিলিয়ে এশিয়া কাপেও গিয়েছিল বড় স্বপ্ন নিয়ে। যদিও সময় ভালো যাচ্ছে না ব্যাটিং পারফরম্যান্সে তবে এখনই হতাশ হতে রাজি নন তামিম। সাবেক ওয়ানডে অধিনায়ক বলেন, ‘খেলা নিয়ে এখান থেকে মন্তব্য করা উচিত হবে না। কারণ যারা ওখানে আছে, আমি নিশ্চিত তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। কেবল আমি দলে নাই, বাইরে আছি দেখে একটা কমেন্ট করে দিলাম। আমি তেমন লোক না। আমিও ঐ দলেরই অংশ। নিজেকে তাড়াতাড়ি তৈরি করার চেষ্টা করছি যেন সুযোগ এলে সেরাটা দিতে পারি। খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করা উচিত না বলে মনে করি।’

এদিকে দল যখন এশিয়া কাপে ব্যস্ত। মিরপুরে সে সময় নিজেকে প্রস্তুত করতে কাজ করে যাচ্ছে তামিম ইকবাল। ব্যাট হাতে অনুশীলন করতে তাকে দেখা যাচ্ছে কয়েক দিন ধরেই। এদিন তিনি জানিয়ে দেন তার বর্তমান অবস্থা ও কবে নাগাদ ফিরতে পারেন দলে। বলেন, ‘আমাকে যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে, আমি আল্লাহর রহমতে প্রতিটা প্রোগ্রামে টিক দিয়েছি ভালোভাবে। খুব ভালোভাবে আমার প্রগ্রেশনটা হচ্ছে। বিশেষত ১০ তারিখের পর থেকে ১০ দিনের মতো সময় আছে, তখন অলমোস্ট ফুল ইন্টেনসিটিতে অনুশীলন করার পরিকল্পনা আছে। এখন অবধি কোনো সেট ব্যাক হয়নি। কিছু জিনিস থাকেই। কিন্তু ঐ পর্যায়ের ব্যথা অনুভব করিনি। পরের এক সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ কারণ ফুল ইন্টেসিটিতে প্র্যাক্টিস করার পরিকল্পনা আছে। সব কিছু ঠিক থাকলে নিউজিল্যান্ড সিরিজের প্রথম থেকেই আমি খেলতে পারব।’

ইত্তেফাক/জেডএইচ