‘প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের সেলফি দেখে বিএনপি হতাশার নদীতে হাবুডুবু খাচ্ছে’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৮

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এতদিন বিএনপি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে তাকিয়ে ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের সেলফি দেখে বিএনপির এখন পশ্চাৎযাত্রা শুরু হয়েছে। তাদের নেতা-কর্মীরা বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি দেখে হতাশার নদীতে হাবুডুবু খাচ্ছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর জি-টুয়ান্টি সফর সফল হয়েছে। জো বাইডেনের নিজে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছেন। বিএনপির মিছিল আন্দোলনে জনগণ নাই,আমেরিকাও মুখ ফিরিয়ে নিয়েছে। বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে আওয়ামী লীগ সবার সঙ্গে বন্ধুত্ব করতেই পছন্দ করে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি। ছবি: ফোকাস বাংলা

বিএনপির বিরুদ্ধে ফাইনাল খেলার জন্য নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। বিএনপির আন্দোলন ভুয়া। ফাইনাল খেলার পর বুঝা যাবে কত ধানে কত চাল। 

এর আগে দুপুর থেকেই  খণ্ড খণ্ড মিছিল নিয়ে বৃষ্টি উপেক্ষা করে প্রতিটি থানা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন সমাবেশস্থলে। এ সময় শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, বেগম মতিয়া চৌধুরীসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

ইত্তেফাক/এবি