সুরসম্রাজ্ঞী ফিরোজা বেগমের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১০

কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর তিনি মারা যান। সংগীতে তার প্রথম রেকর্ড প্রকাশিত হয় ১৯৪৯ সালে।

ফিরোজা বেগমের বয়স যখন ১১ বছর বয়স, তখন কবি কাজী নজরুল ইসলাম তার গান শুনে বলেছিলেন, মেয়েটি একদিন অনেক বড় গায়িকা হবে। নজরুলের ভবিষ্যদ্বাণী মিলে গিয়ে সেদিনের সেই মেয়েটি হলেন সুরসম্রাজ্ঞী ফিরোজা বেগম, উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী।

ফিরোজা বেগম সংগীতের প্রতি অনুরাগী ছিলেন ছোটবেলা থেকেই। ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় অল ইন্ডিয়া রেডিওতে গান করার সুযোগ পান তিনি। এছাড়া কাজী নজরুল ইসলামের কাছে গানের তালিম নেওয়ার সৌভাগ্যও হয়েছিল তার।

কবি কাজী নজরুল ইসলাম ও ফিরোজা বেগম

ফিরোজা বেগমের মোট ১২টি এলপি, চারটি ইপি, ছয়টি সিডি এবং ২০টিরও বেশি অডিও ক্যাসেট প্রকাশিত হয়েছে। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ৩৮০টিরও বেশি একক সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দেশের প্রায় সব সম্মাননাই পেয়েছেন ফিরোজা বেগম। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্বর্ণপদক ছাড়াও ভারতের ‘বঙ্গ সম্মান’সহ অনেক পুরস্কার পেয়েছেন তিনি।

ফিরোজা বেগম ১৯৫৫ সালে কলকাতার গায়ক, গীতিকবি ও সুরকার কমল দাশ গুপ্তকে বিয়ে করেন। ১৯৬৭ সালে তারা ঢাকায় আসেন। তাদের তিন সন্তান তাহসিন আহমেদ, হামিন আহমেদ ও শাফিন আহমেদ। এর মধ্যে হামিন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’-এর অন্যতম সদস্য এবং শাফিন ‘মাইলস’-এর সাবেক সদস্য।

ইত্তেফাক/পিএস