রংপুর সদর উপজেলায় জমি নিয়ে কোন্দলের জেরে রেজাউল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল চন্দনপাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান রংপুর সদর উপজেলা যুবলীগের কর্মী। তার চাচাতো ভাই অভিযুক্ত রাব্বি সদরের চন্দনপাট ইউনিয়নের ইউপি সদস্য রত্নার ছোট ভাই।
জানা যায়, বিকালে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নিজ বাড়ি লাহিড়ীরহাটে আলোচনায় বসেন রেজাউলসহ চাচা ও চাচাতো ভাইবোনেরা। এ সময় রেজাউলের সঙ্গে রাব্বির বাবার বাগবিতণ্ডা হয়। এরই প্রেক্ষিতে চাচাতো ভাই রাব্বি অতর্কিতভাবে রেজাউল ইসলামের মাথায় রামদা দিয়ে কোপ দেয়। পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, এটা তাদের পারিবারিক দ্বন্দ্ব।
রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন বলেন, রেজাউলের মৃত্যুতে আমরা একজন নিবেদিত কর্মী হারালাম। প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি।
রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রধান অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রংপুর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
