গতকাল শিল্পকলা একাডেমিতে পর্দা নেমেছে ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব বাংলাদেশ ২০২৩ আসরের। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’—শ্লোগানে গত ৭ সেপ্টেম্বর চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত উৎসবটি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুর কবীর খোন্দকার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং চিলড্রেনস ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা ও চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মুনীরা মোরশেদ মুননী।
৩ দিনব্যাপী এ উত্সবের অন্যতম আকর্ষণীয় বিভাগ ছিল বাংলাদেশি শিশুদের নির্মিত প্রতিযোগিতা। এ বিভাগে ১৭টি চলচ্চিত্র জমা পড়ে, যার মধ্যে নির্বাচিত ৯টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। সেখান থেকে ৩টি চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।
বিশেষ চলচ্চিত্র বিভাগে জমা পড়া ৫টি চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত ২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। তরুণ বাংলাদেশি নির্মাতা বিভাগে ৩৫টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শিত হয় ১৫টি চলচ্চিত্র, পুরস্কার পায় ২টি চলচ্চিত্র। এছাড়া আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগে ২ হাজার ৭০০টির বেশি চলচ্চিত্র জমা পড়েছিল। সেখান থেকে প্রদর্শিত হয় ৭৫টি চলচ্চিত্র।
এবারের উত্সবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজে ৩৯টি দেশের ১০১টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হয়েছে। উত্সবের শেষদিন প্রদর্শিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’।
গত ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি প্রদর্শনের পর বেশ প্রশংসা করেন উপস্থিত অতিথি-দর্শকরা। ‘মাইক’ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, ফেরদৌস আহমেদ, তানভীন সুইটিসহ অনেকে।
