যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির নেতা হাকিম জেফরিজসহ উভয় পার্টির অন্তত ১৬ জন সিনেটর-কংগ্রেসম্যানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। রাষ্ট্রদূত গত ১৪ বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থসামাজিক উন্নয়ন সম্পর্কে তাদের জানিয়েছেন।
বৈঠকে রোহিঙ্গা ইস্যু, শান্তিরক্ষা, শ্রম-সমস্যা, বাণিজ্য সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যার মতো দ্বিপক্ষীয় স্বার্থের অন্যান্য ইস্যুতেও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে ক্যাপিটল হিলে সিনেটর এবং কংগ্রেসম্যানদের অফিসে পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ইমরান এসব বৈঠকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার বিষয়াদি সম্পর্কে উপস্থাপন করেছেন। জানা গেছে, সিনেটর-কংগ্রেসম্যানরাও আগ্রহের সঙ্গে বাংলাদেশ এবং শেখ হাসিনার ব্যাপারে জানতে চেয়েছেন।
