চলমান এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কায়। তবে অফিশিয়ালি আয়োজনের দায়িত্বে পাকিস্তান। এই জন্য পিসিবি কর্মকর্তাদের ব্যস্ততা বেড়েছে কলম্বোতে।
জানা গিয়েছে, অফিসিয়াল কাজেই পিসিবির অনেক কর্মকর্তা এই মুহূর্তে কলম্বোতে অবস্থান করছে। এরই মধ্যে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার উমর ফারুক কালসন এবং আন্তর্জাতিক দলের জেনারেল ম্যানেজার আদনান আলী জন্ম দিয়েছেন নতুন এক বিতর্কের। এশিয়া কাপ চলাকালেই কলম্বোর ক্যাসিনোতে দেখা যায় তাদের।
পাকিস্তানের কিছু গণমাধ্যম তাদের ক্যাসিনোতে যাওয়ার খবর প্রচার করেছে। তবে দুই কর্মকর্তা জানান, তারা ক্যাসিনোতে শুধু রাতের খাবার খেতে গিয়েছিলেন। গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলাকালে দলের কর্তাব্যক্তিদের এমন কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের কেউ কেউও আছেন এ তালিকায়।
পাকিস্তানের ক্রিকেটের লেখক ওমর আলভি লিখেছেন, 'কে ক্যাসিনোতে খাবার খেতে যায়। কে জুয়ার আসরে খাবার খেতে যায়। তারা কাদের বোকা বানাচ্ছে।' সাবেক পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানও টুর্নামেন্ট চলাকালীন বোর্ড কর্তাদের এমন আচরণ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।
আইসিসির আচরণবিধি অনুসারে তাদের নিষিদ্ধ জায়গাগুলোর মধ্যে একটি হলো ক্যাসিনো। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) নজরে থাকতে পারেন এই দুই কর্মকর্তা। আইসিসি এই বিষয়ে কোনো বিবৃতি না দিলেও পিসিবির শাস্তির মুখে পড়তে পারেন এই কর্মকর্তারা।
