যশোরে দিনে-দুপুরে থানার পাশের একটি জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরি হয়েছে। চুরি যাওয়া স্বর্ণালংকারের মূল্য আনুমানিক ২০ লাখ টাকা। বৃহস্পতিবার বিকেলের দিকে থানার প্রাচীরের ১০ গজ দূরে প্রিয়াঙ্গন জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটেছে।
প্রিয়াঙ্গন জুয়েলার্সের মালিক অমিত কুমার রায় জানান, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দোকানের সাটারে তালা মেরে তিনি বাড়িতে দুপুরের খাবার খাওয়ার জন্য যান। বিকেল ৪টার দিকে তিনি খবর পান তার দোকানের সাটারের তালা ভেঙে চুরি হয়েছে। এরপর তিনি দোকানে এসে চুরির বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে তখনই থানা থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

আরও পড়ুন: ঝালকাঠি থেকে দূরপাল্লার পরিবহন চালু হয়েছে
ঘটনাস্থল থেকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার বলেন, ‘চুরির খবর পেয়ে পুলিশ তখনই ঘটনাস্থলে এসেছে। চুরির কিছু আলামত জব্দ এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় নেওয়া হবে।’
ইত্তেফাক/নূহু
