ফেলিক্সের নৈপুণ্যে অ্যান্টওয়ার্পকে হারাল বার্সেলোনা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫

আগের দুই আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া বার্সেলোনা ৫-০ গোলের ব্যবধানে অ্যান্টওয়ার্পকে হারিয়েছে। এর মধ্যে প্রথম তিনটি গোলই এসেছে প্রথমার্ধে। এতে গোল পেয়েছেন অভিজ্ঞ পোলিশ তারকা রবার্ট লেভান্ডভস্কি ও গাভি। এছাড়া একটি আত্মঘাতী গোলও পায় জাভি হার্নান্দেজের দল।

যে জোয়াও ফেলিক্সকে ঝুলিয়ে রেখেছিল বার্সেলোনা, সেই ফেলিক্সই এই ম্যাচে দারুণ পারফর্মেন্স করেছেন। করেছেন ২ গোল ও ১টি অ্যাসিস্ট। খবর সিবিএস স্পোর্টসের।

ম্যাচের মাত্র ১১ মিনিটেই এদিন গোল পায় বার্সা। ব্লু-গ্রানারদের আগ্রাসী রূপের সামনে শুরু থেকেই দিশেহারা ছিল অ্যান্টওয়ার্প রক্ষণ। লেভান্ডভস্কির সঙ্গে দারুণ বোঝাপড়ার পর সেই বল যায় ইলকাই গুন্দোয়ানের কাছে। তার কাছ থেকে ফিরতি বল পেয়ে ফেলিক্স সফল লক্ষ্যভেদ করেন। অল্প সময়ের মধ্যেই তাদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেভান্ডভস্কি। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের বাড়িয়ে দেওয়া থ্রো বল ধরে ফেলিক্স বল দেন পোলিশ এই তারকাকে। ওয়ান টাচে লেভা বাকি কাজ সারেন।

এরপর নড়বড়ে বেলজীয় ক্লাবটি আরও একটি বড় ভুল করে বসে। বার্সার একের পর এক দাপুটে আক্রমণে তারা নিজেদের জালেই বল জড়িয়ে বসে।

মাত্র ২২ মিনিটেই ৩-০ লিড পেয়ে যায় বার্সা। এরপরও আক্রমণ অব্যাহত থাকলেও বিরতির আগে আর কেউ গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে এবার স্প্যানিয়ার্ড তরুণ গাভির আঘাত। লেভার অ্যাসিস্টে ৫৪ মিনিটে তিনি ব্যবধান বাড়িয়ে নেন। এরপর আক্রমণের ধারা অব্যাহত রেখে ৬৬ মিনিটে দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি আদায় করে নেন ফেলিক্স। রাফিনিয়ার ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান পর্তুগিজ এই তারকা।

গোল উৎসব আরও বড় হতে পারত বার্সার। পাঁচ গোলে এগিয়ে যাওয়ার পরও তারা বেশ কিছু সুযোগ পেয়েছিল। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে সর্ব কনিষ্ঠ গোলদাতা হওয়ার সুযোগও লামিনে ইয়ামালের সামনে এসেছিল। কিন্তু সেটি কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না পেলেও বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সা।

ইত্তেফাক/এইচএ