চরভদ্রাসনে হত্যার ৩০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ২৮ জুন ২০১৯, ১২:২১

ফরিদপুরের চরভদ্রাসনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজলুল হককে (৪৭) গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।ফজলুল চর সর্বান্দিয়া গ্রামের মৃত মনসুর ফকিরের ছেলে।

আরও পড়ুন: কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পুলিশ জানায়, ১৯৮৯ সালের ১৩ সেপ্টেম্বর জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ফজলুল হকের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন তার চাচা রাজ্জাক ফকির। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। ১৯৯১ সালের ২৪ জুলাই ফরিদপুরের তৎকালীন জেলা ও দায়রা জজ আসামি ফজলুল হকের অনুপস্থিতিতে ওই হত্যা মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া আরেক ধারায় তাকে পাঁচ বছর সশ্রম করাদণ্ড অনাদায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ ২৮বছর পর গ্রেফতার হলেন ফজলু।

চরভদ্রাসন থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আলীমুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সর্বান্দিয়া গ্রাম থেকে ফজলুল হককে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এমআরএম