সালাহউদ্দিন লাভলু-পরীমনির কিসের আয়োজন!

আপডেট : ২৮ জুন ২০১৯, ১৭:১৭

বহু বিখ্যাত সিনেমা-নাটক উপহার দিয়েছিলেন সালাহউদ্দিন লাভলু। সেই খ্যাতিমান নির্মাতা অনেক দিন হলো নতুন কোনো সিনেমা নির্মাণ করেননি। ছোটপর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। গুণী এই নির্মাতার সঙ্গে বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন ঢাকাই সিনেমার স্বপ্নজাল খ্যাত নায়িকা পরীমনি। ক্যাপশনে নতুন কাজের আভাস দিয়েছেন তিনি।

ছবিটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আমরা রাখি পরা ভাই-বোন, হচ্ছে কিছু আয়োজন, অপেক্ষায় থাকুন কিছুক্ষণ।’

আরও পড়ুন: এখনই আমি অবসর নিচ্ছি না: মাশরাফি

এ বিষয়ে সালাহউদ্দিন লাভলুর কাছে জানতে চাওয়া হলে তিনি বললেন, ‘মাঝেমধ্যে দেখা হয় পরীর সঙ্গে। কোনো অনুষ্ঠানে দেখা হলেই পরীমনি মজার ছলে বায়না ধরে, ভাইয়া কবে নতুন ছবি বানাবেন? আপনার ছবিতে কবে কাজ করবো! আমিও বলি হয়ে যাবে কোনো একসময়। কিন্তু এখনও কোনো কাজ করা হয়নি আমাদের। পরীর সঙ্গে কোনো কাজ হলে তার তরফ থেকেও নিশ্চয় জানতে পারবেন।’

এ বিষয়ে পরীমনি বলেন, ‘এইরকম একজন গুণী পরিচালকের পরিচালনায় অভিনয় করতে পারা সোভাগ্যের ব্যাপার। তার পরিচালনায় অভিনয় করার ইচ্ছে অনেক দিনের। কাজের পরিকল্পনা চলছে। কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগে বেশি কিছু না বলা উচিত।’

দেখা যাক, কবে নাগাদ পাওয়া যায় সালাহউদ্দিন লাভলুর সঙ্গে পরীমনির নতুন চমকের সুখবরটা।

ইত্তেফাক/বিএএফ