প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে বাড়িতে বসে প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করে উত্তর সরবরাহ করার সময় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৩৪ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে কেন্দুয়া পৌরসভার ছয়আনী গ্রামের মনিরুজ্জামান ভূইয়া শামীমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় প্রশ্নপত্র, প্রশ্নপত্রের উত্তরপত্র, ল্যাপটপ, প্রিন্টার, মোবাইলসহ বিভিন্ন ডিভাইস জব্দ করে পুলিশ।
এ ঘটনায় আটক হয়েছেন, মিন্টু, আজহারুল ইসলাম, ছোটন মিয়া, মো. সাকি, মজিবুর রহমান, সৈয়দ আবু সাঈদ, সাইফুল ইসলাম, মো. জুয়েল, চয়ন দত্ত, মো. লুৎফর, লোকমান হোসেন, মো. শরীফ, নাজমুল ইসলাম, শ্রী রাজন, বিকাশ দে, নিলয় মাহমুদ, বিলাস সরদার, মো. রাকিব, শাহরিয়ার ইসলাম, ফারহান জাহিম, মো. পিয়াস, তুহিন আক্তার, মনি আক্তার, নূর জাহান, স্মৃতি আক্তার, ডলি আক্তার, রিপা আক্তার, নিলি আক্তার, নাজনীন আক্তার, হাওয়া আক্তার, তাসলিমা আক্তার, নিপা মোনালিসা ও মাহি আক্তার।
আরও পড়ুন: মেয়ের বর দেখতে যাওয়ার সময় বাবা নিহত
আটক ব্যক্তিরা নেত্রকোনা জেলা সদর, কেন্দুয়া, মদন, আটপাড়া, বারহাট্টা উপজেলা ও শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, আটককৃতরা পরীক্ষা হলে প্রশ্নের উত্তর সরবরাহ করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চক্রের ৩৪ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
ইত্তেফাক/অনি
