বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:২৯

বিয়ের প্রলোভন দেখিয়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে তুলে নিয়ে গিয়ে এক কিশোরীকে (১৭) গণধর্ষণ করেছে তিন বন্ধু। এ ঘটনায় শুক্রবার সকালে ৩ জনকে আসামি করে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন ওই কিশোরী। পরে রফিকুল ইসলাম জয়কে (২৬) আটক করেছে পুলিশ।

আসামিরা হল রফিকুল ইসলাম জয় (২৬), সাজ্জাদ হোসেন বাবু (২৮) ও সাইফুল ইসলাম (২০)। এদের মধ্যে রফিকুল ইসলাম জয় ওই কিশোরীর প্রেমিক বলে জানা গেছে।

পুলিশ জানায়, বেগমগঞ্জের আপানিয়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জয় বুধবার তিতা হাজেরা এলাকার বাসিন্দা কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের রসুলপুর গ্রামের সাজ্জাদ হোসেন বাবুর বাড়িতে নিয়ে যায়। ওই রাতে থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত জয়, বাবু ও সাইফুল মিলে তাকে গণধর্ষণ করে। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসলে তারা গভীর রাতে থানায় খবর দেয়। খবর পেয়ে ধর্ষিতাকে উদ্ধার ও ঘটনাস্থল থেকে মামলার প্রধান আসামি জয়কে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: স্ত্রী প্রিয়াঙ্কাকে বাঁচালেন স্বামী নিক জোনাস

এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সামাদ জানান, বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে মামলার প্রধান আসামি জয়কে আটক করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/বিএএফ