সোয়ার্জনেগারের নিরাপত্তারক্ষীদের কাছে হেনস্থার শিকার শিল্পা শেঠি !

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৯:৫৯

নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়দক্ষতায় দর্শকের মন জয় করে চলেছেন তিনি। ২২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার সিনেমা ‘সুখী’। বহু বছর পর বড় পর্দায় ফিরেছেন শিল্পা। সেই উপলক্ষে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পূর্ব অভিজ্ঞতার কথা ভাগ করতে গিয়ে অভিনেত্রী জানান হলিউড অভিনেতা আরনল্ড সোয়ার্জনেগারের নিরাপত্তারক্ষীদের কাছে হেনস্থার শিকার হয়েছিলেন তিনি।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, একই পেশায় থাকার সূত্রে শিল্পা শেঠি ভেবেছিলেন আরনল্ড সোয়ার্জনেগারের সঙ্গে খুব সহজেই আলাপ করতে পারবেন। কিন্তু আতিথেয়তার পরিবর্তে শিল্পার কপালে জুটেছিল দুর্ব্যবহার। অভিনেতার সঙ্গে হোটেলে দেখা করতে গিয়ে তার নিরাপত্তারক্ষীদের কাছে হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে শিল্পার দাবি করেন, সেসময় তাকে ধাক্কাও দেন ওই নিরাপত্তারক্ষীরা।

সত্তরের দশক থেকে হলিউডের ফিল্মজগতে প্রথম সারিতে রয়েছেন সোয়ার্জনেগার। ‘টার্মিনেটর’ ফিল্ম সিরিজ়ে অভিনয় করে আরও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সাক্ষাৎকারে শিল্পা দাবি করেন, তার অন্যতম প্রিয় অভিনেতা আর্নল্ডের সঙ্গেই হোটেলে দেখা করতে যান তিনি।

পুরনো ঘটনার উল্লেখ করে শিল্পা আরো জানান, আরনল্ড সোয়ার্জনেগারের সঙ্গে এক অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন তিনি এবং তার স্বামী রাজ কুন্দ্রাও। একই হোটেলে আর্নল্ডকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যান বলেও জানান তিনি। সে ঘটনার উল্লেখ করে বলেন, ‘আমি হিল জুতো পরেছিলাম সে সময়। তাড়াতাড়ি হাঁটতে অসুবিধা হতে পারে বলে আমি তা খুলেও ফেলি।’ 

তখন খালি পায়ে আরনল্ডের দিকে শিল্পা এগিয়ে গেলে অভিনেতাকে ঘিরে দাঁড়িয়েছিলেন তার নিরাপত্তারক্ষীরা। আর্নল্ডের সঙ্গে দেখা করতে চান, ছবি তুলতে চান তা নিরাপত্তারক্ষীদের জানান শিল্পা। কিন্তু আর্নল্ড পর্যন্ত অভিনেত্রীর কথা পৌঁছনোর আগেই শিল্পাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন আর্নল্ডের নিরাপত্তারক্ষীরা। নিরাপত্তারক্ষীদের কাছে হেনস্থার শিকার হয়ে অপ্রস্তুত হয়ে পড়েন শিল্পা।

এদিকে স্ত্রীর প্রতি এমন ব্যবহার দেখে নিরাপত্তারক্ষীদের প্রতি রেগে যান রাজ। নিরাপত্তারক্ষীদের উদ্দেশে রাজ চিৎকার করে বলেন, ‘কোনও মহিলার সঙ্গে এই ধরনের আচরণ করতে হয়? আপনারা জানেন ও এক ভারতীয় অভিনেত্রী?’ শিল্পা জানান, রাজের কথা শোনার পরেও আরনল্ডের সঙ্গে দেখা করতে দেননি নিরাপত্তারক্ষীরা। শিল্পা বলেন, ‘এই ঘটনায় আমি খুব দুঃখ পেয়েছিলাম।’

শিল্পা সাক্ষাৎকারে দাবি করেন, ঘটনার পরের দিন অনুষ্ঠানে গিয়ে তিনি দেখেন তার এবং রাজের সঙ্গেই সামনের সারিতে বসে রয়েছেন আরনল্ড। তখন শিল্পার পরিচয় জানতে পারেন হলি অভিনেতা।

শিল্পা সাক্ষাৎকারে বলেন, ‘আমি যে অভিনেত্রী সে কথা জানার পর আমার সঙ্গে অনুষ্ঠানে ছবি তুললেন আরনল্ড। সে দিনের এই ঘটনার পর আমি জীবনের বড় শিক্ষা পেয়েছিলাম।’

সাক্ষাৎকারে শিল্পা দাবি করেন, আর্নল্ডের সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতা হওয়ার পর আর কোনও দিন কোনও ভক্তদের ফিরিয়ে দেননি শিল্পা। যারা তার সঙ্গে ছবি তুলতে চেয়েছেন, সময় নিয়ে ভক্তদের সঙ্গে ছবি তোলেন তিনি। শিল্পা বলেন, ‘আমি অভিনেত্রী শুনে আর্নল্ড আমার সঙ্গে ছবি তুলেছেন। কিন্তু আমি অনুরাগী হিসাবে যখন গিয়েছিলাম, তখন দুর্ব্যবহার পেয়েছিলাম। আমার খুব খারাপ লেগেছিল।’

ভক্তদের জায়গায় নিজেকে রেখে শিল্পা বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম যে আমার ভক্তদের যখন ছবি তুলতে নিষেধ করি তখন তাদেরও কতটা খারাপ লাগে। ওরাও তো আমার সঙ্গে ছবি তোলার সুযোগ জীবনে এক বারই পান।’

 

ইত্তেফাক/পিএস