১৯৭১ সালের ৫ জানুয়ারি, একদিনের ম্যাচ তথা ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরু। অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেই থেকে গতকাল ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ছিল ৪ হাজার ৬৫৮তম ওয়ানডে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার এই ৪ হাজার ৬৫৮তম ওয়ানডে ম্যাচটি এমন কীর্তি দেখল, যা আগের ৪ হাজার ৬৫৭ ওয়ানডেতে কখনো ঘটেনি। অনন্য সেই কীর্তিটা কী? কোনো দলের ১১ ব্যাটসম্যানেরই ব্যাট হাতে দুই অঙ্কের ইনিংস খেলা।
এর আগে কখনোই ওয়ানডেতে কোনো দলের ১ থেকে ১১—প্রত্যেক ব্যাটসম্যানই দুই অঙ্কের ইনিংস খেলতে পারেননি! গতকাল আহমেদাবাদে সেই কীর্তি গড়ল ইংল্যান্ড। গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৮২ রান। দলকে এই পুঁজি এনে দেওয়ার পথে ইংল্যান্ডের ১১ জন ব্যাটসম্যানই ব্যাট করতে নেমেছেন এবং প্রত্যেকেই দুই অঙ্ক ছুঁয়েছেন। জনি বেয়ারস্টো ৩৩, ডেভিড মালান ১৪, জো রুট ৭৭, হ্যারি ব্রুক ২৫, মঈন আলি ১১, অধিনায়ক জস বাটলার ৪৩, লিয়াম লিভিংস্টোন ২০, স্যাম কারেন ১৪, ক্রিজ ওকস ১১, আদিল রশিদ অপরাজিত ১৫ ও মার্ক উড অপরাজিত ১৩ রানের ইনিংস খেলেন।
ইংল্যান্ডের ইনিংসে অবশ্য এক অঙ্কের একটা ইনিংসও ছিল। সেটা মি. এক্সট্রার। নিউজিল্যান্ড বোলাররা অসাধারণ বোলিং করে অতিরিক্ত রান দেন মাত্র ৬টি! তবে অনন্য এই কীর্তি গড়েও ইংলিশদের লাভ হয়নি কোনো। কারণ, ম্যাচটি জিততে পারেনি তারা। উলটো হারতে হয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। ২৮৩ রানের জয় লক্ষ্য ১ উইকেট হারিয়ে মাত্র ৩৬.২ ওভারেই ছুঁয়ে ফেলেছে নিউজিল্যান্ড। মানে ২০২৩ বিশ্বকাপটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড শুরু করল হার দিয়ে। তাদেরকে হারিয়ে ২০১৯ বিশ্বকাপ ফাইনালের হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি নিউজিল্যান্ড এবারের টুর্নামেন্টটিও শুরু করল প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে।
