বেটিং চক্রের সঙ্গে জড়িয়েছে নাম, ইডি দফতরে রণবীর, হুমা কোরেশি ও কপিল শর্মা

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৩:৪৩

আগেই জানা গিয়েছিল ব্যবসায়ীর বিয়েতে উপস্থিত হয়ে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নজরে এসেছেন বেশ কিছু বলিউড তারকা। এই তারকাদের মধ্যে এবার সামনে এলো রণবীর কাপুরের নাম। আজ শুক্রবার ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল রণবীরকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইডি দফতরে ডাকা হলেও আজ উপস্থিত হননি রণবীর। আগেই তিনি জানিয়ে দিয়েছেন আসতে পারবেন না তিনি। ইডি থেকে দুই সপ্তাহের সময় চেয়ে নিয়েছেন অভিনেতা। আর এতে সম্মতি দিয়েছে ইডি। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, এই কাণ্ডে আজ ইডি দফতরে ডাকা হয়েছে কপিল শর্মা ও হুমা কুরেশিকেও।

রণবীরই শুধু নন, মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা ও গায়কের। গড়াপেটার তদন্তে নেমে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই তালিকায় রয়েছে গায়ক আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কক্কর। রয়েছেন টাইগার শ্রফ, এলি আব্রাম, ভাগ্যশ্রী, সানি লিওন, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচার মতো অভিনেতারা।

চলতি বছর ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত হয় ব্যবসায়ী সৌরভ চন্দ্রাকরের বিয়ের অনুষ্ঠান। ‘মহাদেব অনলাইন বেটিং’ অ্যাপের মালিক সৌরভ চন্দ্রাকর। এই অ্যাপের সাফল্য পার্টিতে যারা যোগ দিয়েছেন অনেক বলিউড তারকা। অভিযোগ রয়েছে এই অ্যাপের মাধ্যমে টাকা পাচারের। তাই এ্যাপের মালিকের সঙ্গে তাদের সম্পর্ক খতিয়ে দেখতে তারকাদের ডাকছেন ইডি।

ইত্তেফাক/এএম