বামনায় মোটরসাইকেল দুঘর্টনায় এনএসআই কর্মকর্তা নিহত

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৪:৪১

বরগুনার বামনার বামনা-পাথরঘাটা সড়কের চাড়াখালী নামক স্থানে ফায়ার সার্ভিস সংলগ্ন ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বরগুনার জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তা জয়দেব নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরেক কর্মকর্তা মো. মেহেদী হাসান গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসক।

আজ শনিবার (৭ অক্টোবর) দুপুর একটার দিকে এনএসআইয়ের কর্মকর্তা বরগুনা থেকে বামনা সদরে উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য মোটরসাইকেলযোগে আসার পথে উপজেলার চাড়াখালী গ্রামের ফায়ার সার্ভিস সংলগ্ন মহাসড়কে পৌঁছালে পাথরঘাটাগামী একটি ট্রাকের  সঙ্গে মুখোমুিখ মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এনএসআইয়ের কর্মকর্তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বামনা উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জয়দেবকে মৃতু ঘোষণা করেন এবং গুরুতর আহত মো. মেহেদীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে স্থানান্তর করেন।

বামনা থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, লাশ হাসপাতালে রাখা হয়েছে। এনএসআই কর্তৃপক্ষ আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এইচএ