মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় শনিবার (৭ অক্টোবর) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক বিশেষ জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর প্রতিপাদ্য বিষয় ছিলো- ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও মাদকবিরোধী কার্যক্রম এবং নৈতিকতার অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের ভারপ্রাপ্ত ডিসির দায়িত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. মোস্তফা কামাল মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. মুনিরুজ্জামান, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ওবায়দুর রহমান খান, সদর পৌরসভার প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরসহ আরও অনেকেই।
প্রধান অতিথি বলেন, আজকের যুব সমাজ ২০৪১’র তথা ভবিষ্যতের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের মূল কান্ডারী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উন্নয়নের এক অনবদ্য উপাখ্যান রচনা করে তার সফল বাস্তবায়নের অনুপমেয় দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশ্ব দরবারে। এ বিশ্ব আজ অবাক তাকিয়ে রয়। এর অন্যতম নিয়ামক ছিলো অত্যন্ত সফল ভাবে জঙ্গীবাদ ও সন্ত্রাস দমন এবং মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে বিরত রেখে স্মার্ট সমাজ ও বাংলাদেশ বিনির্মানে নৈতিকতার মানসম্পন্ন এক আলোকিত প্রজন্ম তৈরির প্রচেষ্টা। তিনি সকলকে যার যার অবস্থান থেকে ভূমিকা পালনের অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে উপসচিব মো. নজরুল ইসলাম বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড-এর এ-ই চলমান বর্তমান সময়ে, দেশের যুব সমাজ হচ্ছে মৌল প্রেরণা ও কার্যকর রিসোর্স। আলোকিত ও স্মার্ট সমাজ বিনির্মানে জেলা প্রশাসন মাদারীপুর, অবিরত ও নিরলসভাবে কাজ করছে। তিনি সফল উদ্যোক্তা মুসলিমা ও হাসানকে অভিনন্দন ও শুভ কামনা জানান। ইনক্লুসিভ তথা সমন্বিত ও অন্তর্ভূক্তিমূলক এবং অংশীদারত্বেরভিত্তিতে ভবিষ্যতের স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মানে নৈতিকতা ও প্রযুক্তিমুখর এক দক্ষ যুব প্রজন্ম তথা মানব সম্পদ গঠনমূলক ভূমিকার পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিসহ প্রায় তিন শতাধিক যুব প্রতিনিধি উপস্থিত ছিলেন।
