সংখ্যালঘুদের সম্পদ দখলে ক্ষমতাসীন দলের নেতারাই জড়িত থাকে: জি এম কাদের

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০২:৫৬

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় ক্ষমতাসীনরাই জড়িত থাকে। তাই নির্যাতিত সংখ্যালঘুরা সঠিক বিচারও পায় না। সংখ্যালঘুদের জমি ও সম্পদ দখলের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতারাই জড়িত থাকে। এজন্য দেবোত্তর সম্পত্তি আইন পাশ করছে না সরকার।

গতকাল শনিবার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা তার সঙ্গে বনানী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানাদাশ গুপ্ত বলেন, নির্বাচন এলেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীন হয়ে পড়েন। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। 

তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন—সংখ্যালঘুদের ওপর হামলা হতে পারে। এর কয়েক দিন পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন—আওয়ামী লীগ সংখ্যালঘুদের ওপর হামলা করে বিএনপির ওপর  দোষারোপ করতে পারে। এমন বাস্তবতায় সংখ্যালঘুদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। 

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পার্বত্য ভূমি কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের বাস্তবায়ন এবং দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়নের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক, সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত ও রঞ্জন কর্মকার, জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় এবং জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-০২ খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম