মাদারীপুরের ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে (১৪) বছরের এক অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। একইসঙ্গে অভিযুক্ত অপহরণকারী দ্বীন ইসলাম দিনু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) ভোররাতে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম ফরিদপরের ভাঙ্গা উপজেলার লাল খাঁর ডাঙ্গী গ্রামের আক্কাস খাঁনের ছেলে।
ভুক্তভোগী স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান জানায়, অপহৃত ওই স্কুলছাত্রী গত ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার সময় দ্বীন ইসলাম দিনুসহ বেশ কয়েকজন মিলে তাকে অপহরণ করে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে দ্বীন ইসলাম দিনুসহ ৪ জনকে আসামি করে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে থানা পুলিশ ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় আসামি দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। এদিকে ভুক্তভোগী স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, অপহরণ মামলায় দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দ্বীন ইসলামের একাধিক বিয়ে রয়েছে।
