শিশু ধর্ষণের মামলায় ৫ মাস পর দুবাই পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মুঠোফোনের অবস্থান (ট্র্যাকিং) জানার জন্য প্রযুক্তি ব্যবহার করে বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় শনিবার দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৮ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া তারেকের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামের মিলন মিয়ার ছেলে। ধর্ষণের পর থেকে তিনি দীর্ঘদিন যাবত পলাতক।
জানা যায়, গত ৭ মে রাতে নিজ ঘরে মেয়েটি একা শুয়েছিলো। এ সময় তার ছোট ভাইয়ের চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিল তার মেয়েটির মা-বাবা। এ সুযোগে পাশের বাড়ির তারেক মিয়া কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে প্রাণনাশের ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে। দুইদিন পর মেয়েটির মা-বাবা ঢাকা থেকে বাড়িতে আসলে বিষয়টি তাদের কাছে খুলে বলে মেয়ে। এ নিয়ে এলাকায় সালিস দরবার হয়। কিন্তু সন্তেুাষজনক মীমাংসা হয়নি। পরে ১৯ জুন তারেক মিয়াকে একমাত্র আসামি করে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ তার বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে ২ জুলাই পাকুন্দিয়া থানায় মামলাটি রুজু করা হয়।
পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
