ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ২২:১৫

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. শাহজাহান আলম সাজু আর লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু।

রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এক সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভা শেষে প্রার্থীদের নাম জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শাহজাহান আলম সাজু ও গোলাম ফারুক পিঙ্কু

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, আসন দুটিতে শুক্রবার (৬ অক্টোবর) ও শনিবার (৭ অক্টোবর) দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১৬ জন ও লক্ষ্মীপুর-৩ আসনে ১৪ জন ফরম সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। ১ অক্টোবর সংসদ সচিবালয় আসন দুটি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে মঙ্গলবার (৩ অক্টোবর) দুই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ১১ অক্টোবর মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, আপিল শুনানি ১৩-১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর এবং ভোটগ্রহণ ৫ নভেম্বর।

ইত্তেফাক/এমএএম