আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ দল। আফগানদের বিপক্ষে জয়ের পর ফুরফুরে মেজাজে আছেন অধিনায়ক সাকিব আল হাসান। আফগান বধের পরের দিন টাইগার অধিনায়ককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগী এক স্ট্যাটাস দিয়েছেন উম্মে আল হাসান শিশির।
রোববার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুকে সাকিব আল হাসানকে নিয়ে এক আবেগী স্ট্যাটাস দেন শিশির।
পোস্টে শিশির লিখেন, জয় বা হার কোনো ব্যাপার না, একটি পরিবার হিসেবে আমরা সবসময় তোমার সঙ্গে আছি।
সাকিবপত্নী আরও লেখেন, তুমি তোমার শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে জানো। আমরা অনেকদূর এসেছি কিন্তু এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। এটাই শেষ নয়, উপভোগ করুন! যাই হোক না কেন, তুমি জানো তোমার পরিবার তোমার জন্য আছে।
তবে বিশ্বকাপের আগে দল ঘোষণার আগ থেকেই সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা হচ্ছে। গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানের কারণেই বিশ্বকাপ দলে সুযোগ হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালের। শুধু তাই নয়! সাকিব না চাওয়ায় তামিম ইকবালের ভাই নাফিস ইকবালকেও বিশ্বকাপে ম্যানেজার হিসেবে রাখা হয়নি। হয়তো এ কারণেই সমালোচনায়বিদ্ধ সাকিবকে সাহস জোগাতে আবেগী স্ট্যাটাস দেন স্ত্রী শিশির।
