মাদারীপুর জেলার শিবচরে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সঙ্গে মতবিনিময় করেছেন চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। ‘নৌ পুলিশকে সহযোগিতা করি, নিষিদ্ধকালীন মা ইলিশ না ধরি’ স্লোগানকে সামনে রেখে রোববার (৮ অক্টোবর) দুপুরে শিবচরের পদ্মাপাড়ের ইউনিয়ন চরজানাজাতের সামাদ খান বাজারে এ সভা হয়।
চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ওসি সফিকুর রহমান খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আশিক সাঈদ।
সভায় শিবচরের চরজানাজাতসহ বিভিন্ন এলাকার শতাধিক জেলে ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
এসময় মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে স্থানীয় জেলেদের সচেতন করা হয়। এসময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. আশিক সাঈদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম, স্থানীয় হীরা খান, ফয়জল মোল্লাসহ অনেকে।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন,১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ইলিশের প্রজনন মৌসুম। মোট ২২ দিন পদ্মানদীসহ সব স্থানেই ইলিশ শিকার নিষিদ্ধ থাকবে। এ সময় আপনারা (জেলে) নদীতে কেউ নামবেন না। আপনাদের মাছ ধরার ট্রলার যেন নদীতে না চলে। আমরা চাই, নির্বিঘ্নে মা ইলিশ ডিম ছাড়বে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। সবাইকে সচেতন করবেন। সভায় শিবচর মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলেরা উপস্থিত ছিলেন। এ সময় জেলেদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
