কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত কৃষক হত্যা মামলায় জাসদ নেতা কারশেদ আলমসহ তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল রোববার (৮ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবীর পারভেজ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কুষ্টিয়া জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিরপুর উপজেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক কারশেদ আলম, তার ভাই হামিদুল ইসলাম ও বড় ভাইয়ের ছেলে আসাদুল ইসলামের রাসেল। এ মামলায় মোট ১১ জন আসামির মধ্যে অন্য আট আসামিকে বেকসুর খালাস দেন বিচারক। দণ্ডপ্রাপ্তরা সবাই দৌলতপুর উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা। সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৫ আগস্ট দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাঠে গরু ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন কৃষক শাহাজুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাজুল মারা যান। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই থানায় মামলা করেন।
