রিহ্যাব নির্বাচনে আর বাধা নেই

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০২:০০

দেশের আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অব অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) আগামী ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রক্রিয়ায় আর কোনো বাধা নেই। এ নিয়ে আদালতের স্থিতাবস্থার অবসান হলো। গত ২ অক্টোবর সিনিয়র সহকারী জজ ১ম আদালতে রিহ্যাবের পরিচালক পদপ্রার্থী আলিমুল্লাহ ও সুরুজ সরদারের বিবাদী হিসেবে পক্ষভুক্তির আবেদন করেন। আদালত শুনানি শেষে মঞ্জুর করে। পক্ষভুক্তির পর গত ৩ অক্টোবর বিবাদি সুরুজ সরদার গং লিখিত জবাব দাখিল করেন। আদালত শুনানি শেষে লিখিত জবাব গৃহীত মর্মে আদেশ প্রদান করেন। এর ফলে গত ১৪ সেপ্টেম্বর একই আদালতের দেওয়া লিখিত আপত্তি দাখিল পর্যন্ত রিহ্যাব নির্বাচনের স্থিতিবস্থার অবসান হলো।

জানা গেছে, বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক এস এম এমদাদ হোসেন বাদী হয়ে সিনিয়র সহকারী জজ ১ম আদালত ঢাকায় একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করে। আদালত এ বিষয়ে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডকে লিখিত জবাব প্রদানের আদেশ দেন। কিন্ত বর্তমান পরিচালনা পর্ষদের ইচ্ছায় গঠিত নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড আদালতের নির্দেশ উপেক্ষা করে এক সঙ্গে পদত্যাগ করেন। ফলে নির্বাচন বাতিলের ঘোষণা দেয় রিহ্যাব। ইতিপূর্বে বর্তমান পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ নির্বাচন বন্ধের জন্য হাইকোর্টে রিট করেন। কিন্তু আদালত তা খারিজ করে দেয়। এভাবে বর্তমান কমিটির একের পর এক মামলা করে নির্বাচন বন্ধ করাকে সাধারণ রিহ্যাব সদস্যরা ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এক দশক ধরে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত না হওয়ায় রিহ্যাবের সাধারণ সদস্যদের মধ্যে এবারের নির্বাচন নিয়ে বেশ আগ্রহ আছে।

২০১৪ সালে ভোট ছাড়াই রিহ্যাবের সভাপতি নির্বাচিত হন শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর শামসুল আলামিন। এরপর গত তিন মেয়াদে সংগঠনটিতে কমিটি হয়েছে সমঝোতার ভিত্তিতে। অর্থাৎ ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত টানা চার মেয়াদে সভাপতির পদে রয়েছেন আলমগীর শামসুল আলামিন।

ইত্তেফাক/এমএএম