ছাতকে প্রতিপক্ষকে ফাঁসাতে বোনকে খুন করে মস্তক দ্বিখণ্ডিত 

ভাই রবিউল গ্রেফতার

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৪:০০

সুনামগঞ্জ জেলার ছাতকে ৯ বছরের শিশুকন্যা ইভাকে আপন বড় ভাই খুন করে মস্তক দ্বিখণ্ডিত করে। এমন লোমহর্ষক ঘটনায় এলাকাবাসী বিস্মিত। তৃতীয় শ্রেণির ছাত্রী ইভা বেগমকে (৯) খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বড় ভাই রবিউলকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ বলছে, প্রতিপক্ষকে ফাঁসাতে চার জন মিলে পরিকল্পিতভাবে ইভার মাথা বিচ্ছিন্ন করে খুন করা হয়। শিশু ইভা দক্ষিণ কুরশি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে। গত ৪ অক্টোবর রাতে খুন হওয়া ইভার মুণ্ডুবিহীন দেহ উদ্ধার হয়। ঘটনার দুদিন পর শুক্রবার রাতে দক্ষিণ কুরশি গ্রামের লিটন মিয়ার ধানখেত থেকে ইভার মাথাটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নিহতের বড় ভাই রবিউল হাসানের তথ্যের ভিত্তিতে খণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়। রবিউলকে ইভাহত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ইভা হত্যার ঘটনায় তার বাবা গত বৃহস্পতিবার অজ্ঞাতদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা করেন।

গত ৪ অক্টোবর বিকালে ইভা বাড়ির পাশে একটি দোকানে মোবাইল ফোন রিচার্জ করতে গেলে সে আর বাসায় আসেনি। সন্ধ্যার পর বাড়ির পাশে একটি ধানখেতে মাথাবিহীন বিবস্ত্র অবস্থায় ইভার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ইভার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, ২০২২ সালের ৪ অক্টোবর উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি এলাকার খালেদ নুর নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঐ ঘটনায় ইভার মা ও বড় ভাই রবিউলকে আসামি করা হয়। সেই মামলায় রবিউলকে কারাগারেও যেতে হয়। সম্প্রতি রবিউল কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে। ধারণা করা হচ্ছে, ইভা হত্যাকাণ্ডে রবিউল ছাড়াও আরও কয়েক জন জড়িত। প্রতিপক্ষকে ফাঁসাতেই রবিউলের সহযোগিতায় তারা ইভাকে খুন করতে পারে। 
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক জানান, এই খুনে জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

ইত্তেফাক/এমএএম