বেশি লাফালাফি করলে ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব: ওবায়দুল কাদের

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ২১:০৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেশি লাফালাফি করলে ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। যারা রূপপুর বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।

সোমবার (৯ অক্টোবর) রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা অচল করতে এলে জনগণ বিএনপিকে অচল করে দেবে। দুই চালান ইউরেনিয়াম এসেছে। বেশি লাফালাফি করলে কিছু ফখরুলের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু রিজভীর মাথায় ঢেলে দেব। এখন ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।

তিনি বলেন, ভোট হবে। আগামী জানুয়ারিতে ভোট হবে। জানুয়ারিতে ফাইনাল, নভেম্বরে কোয়ার্টার ফাইনাল এবং ডিসেম্বরে ফাইনাল খেলা হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাতের ঘুম হারাম মানুষের কথা চিন্তা করে। কীভাবে খাওয়াবেন, কীভাবে পরাবেন? জিনিসপত্রের দাম বেশি। কিন্তু একটা মানুষও না খেয়ে মরেছে? শেখ হাসিনা মানুষের জন্য আছেন। কাউকে না খেয়ে মরতে দেবেন না। শেখ হাসিনার মূল চিন্তা ‘আমি খাব না তবু মানুষকে খাওয়াব’। মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ বাঁচবে।

ইত্তেফাক/এবি