গাজা সীমান্ত পুনরুদ্ধারের দাবি ইসরায়েলের

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৬:২৯

হামাসের সঙ্গে চারদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে মঙ্গলবার গাজা সীমান্ত পুনরুদ্ধার করার দাবি করেছে ইসরায়েল। ফিলিস্তিনের সঙ্গে ৭৫ বছরের ইতিহাসে এবারই প্রথম নজিরবিহীন বিমান হামলার শিকার হলো দেশটি। খবর রয়টার্সের।

হামাস তাদের বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের প্রতিটি বাড়িতে হামলার জন্য একেকজন ইসরায়েলি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

চারদিনের সংঘর্ষে গাজা উপত্যকায় সবশেষ ৭৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। অপরদিকে ইসরায়েল বলেছে অন্তত ৪ হাজার ১০০ জন আহত হয়েছে।

ইসরায়েলি মিডিয়া বলেছে, হামাসের হামলায় নিহতের সংখ্যা ৯০০ জনে পৌঁছেছে, বেশিরভাগ বেসামরিক লোককে তাদের বাড়িতে, রাস্তায়, নাচের পার্টিতে গুলি করে হত্যা করা হয়েছে। অনেক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনকে রাস্তায় প্যারেড করানো হয়েছে।

জাতিসংঘ বলেছে, ১ লাখ ৮০ হাজার গাজাবাসীকে গৃহহীন করা হয়েছে, অনেকে রাস্তায় বা স্কুলে আটকে আছে।

প্রতিবেদন করতে গিয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে গাজার তিন সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে শনিবার থেকে গাজায় মোট ছয় সাংবাদিক নিহত হয়েছেন। হামলার তীব্রতার কারণে এক পর্যায়ে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বেসামরিক নাগরিকদের মিসরে পালিয়ে যাওয়ার অনুমতি দেয়।

সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, হামাস যোদ্ধাদের জন্য তাদের গাজায় লুকানোর জায়গা ছিল না। আমরা তাদের সর্বত্র পৌঁছে দেব।’

ইত্তেফাক/এসএটি