গাজায় ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি সাংবাদিক নিহত

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ২১:২৯

গাজা সিটিতে আজ ইসরায়েলি বিমান হামলায় চার ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে মিডিয়া ইউনিয়ন এবং কর্মকর্তারা বলছেন। খবর এএফপির।

ফিলিস্তিনি প্রেস ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, সর্বশেষ মৃত্যুর পর শনিবার থেকে লড়াইয়ে এ পর্যন্ত মোট আটজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

গাজা সাংবাদিকদের সিন্ডিকেটের আরেকটি ইউনিয়ন এর আগে ঘোষণা করেছিল, চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় তিন সাংবাদিক শহিদ হয়েছেন।

গাজার হামাস-চালিত সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামেহ মারুফ নিহত তিনজনকে আল-খামিসা সংবাদ সংস্থার পরিচালক সাইদ আল-তাভিল, প্রেস ফটোগ্রাফার মোহাম্মদ সোব্বোহ এবং গাজার একটি সংবাদ সংস্থার সংবাদদাতা হিশাম নাওয়াজহা বলে চিহ্নিত করেছেন।

এদিকে চলমান সংঘর্ষে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৮৫০ ছাড়িয়েছে বলে লাইভ প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ইত্তেফাক/এসএটি