দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার উন্নয়ন বার্তা প্রচার ও গুজব মোকাবিলায় দেশজুড়ে প্রশিক্ষণের আয়োজন করছে বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েব টিম।
এই কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (১০ অক্টোবর) দুপুর ৩ টায় প্রশিক্ষকদের জন্য কর্মশালা 'দ্য ড্রিল' এর ' বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ' পর্বের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব জনাব কবির বিন আনোয়ার। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব মো. ইকরামুল হক টিটু। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের সভাপতিত্বে কর্মশালাটির সঞ্চালনা করেন বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।
সারাদেশে এভাবেই কার্যক্রম পরিচালনা হবে জানিয়ে কবির বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে সারাদেশে অনলাইনে ও অফলাইনের প্রশিক্ষণ আমরা পরিচালনা করবো। সব ভোটারের কাছে পৌঁছানোই আমাদের লক্ষ্য।
প্রাথমিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই প্রশিক্ষণ পরিচালনা করবে আওয়ামী লীগের ওয়েব টিম।
