মাদারীপুরে হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৩:৩০

মাদারীপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিকালে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লাতুল ফেরদাউস এ রায় দেন। আসামিরা হলেন সজীব ব্যাপারী (২৭) ও মিঠুন খান (৩১)। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি গ্রামের রবিউল মাতুব্বরের ছেলে বোরহান মাতুব্বর (১৮) ভাড়ায় একটি মোটরসাইকেল নিয়ে বের হয়। এরপর তাকে আর পাওয়া যায়নি। পরদিন (২০১৫ সালের ১ জানুয়ারি) সদর থানায় একটি নিখোঁজ ডাইরি করা হয়। ২ জানুয়ারি বোরহানের মোটরসাইকেলটিসহ সজীব ব্যাপারী ও মিঠুন খানকে সাতক্ষীরা জেলার তালা থেকে আটক করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তিতে ৩ জানুয়ারি মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের কালিকাপুর উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে বোরহানের লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় ঐদিনই সজীব ব্যাপারী ও মিঠুন খানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। রায়ে সজীব ব্যাপারী ও মিঠুন খানকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইত্তেফাক/এমএএম