ওমানে জশনে জুলুস উদযাপিত

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১২:১০

ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাস্কাটের ফাহম হলরুমে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে ক্লাবটির সাধারণ সম্পাদক এম এন আমিনের সঞ্চালনায় ক্লাবের সোশ্যাল চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম। আলোচক ছিলেন সোশ্যাল ক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল ছালাম আল কাদেরী।

প্রধান অতিথির বক্তব্যে দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম বলেন, ‌‘এটাতো সত্য, নবীজি আমাদের জীবনকে সহজ, সরল, সুন্দর করে তুলতে তার আদর্শ (সুন্নাহ) রেখে গেছেন। কবে, কখন, কোথায় এসব নিয়ে বিস্তর বিতর্কে লিপ্ত না হয়ে আসুন আমরা নিজেদের উপলব্ধির প্রস্তুতি নেই। দেশের মতো ওমানেও ভিন্ন ভিন্ন মতাদর্শের লোক আছে। তাই আমরা যাতে (অনর্থক) বিতর্কে না জড়িয়ে দেশের ইমেজ (ভাবমূর্তি) বৃদ্ধিতে মনোযোগ দেই।’

ক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল ছালাম ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ছবি: ইত্তেফাক

সভাপতির বক্তব্যে জনাব সিরাজুল হক বলেন, ‘মুসলিম হিসেবে আমাদের উচিত মহানবীর আদর্শকে (সুন্নাহ) পুরোপুরি অনুসরণ করা। আর তা করতে পারলে আমাদের বর্তমান দৈন্য দশায় নিপতিত হয়ে থাকার কথা নয়।’

এ সময় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জনিয়ে তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানে দূতাবাসের প্রতিনিধি উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন ও অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন।’

অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক, সদস্য ও ক্লাবের সব নির্বাহী সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সবার কঠোর পরিশ্রমে একটি অনুষ্ঠান সফল করা সম্ভব। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা কামনা করছি।’

এতে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী উইংস ও কুমিল্লা উইংস এবং প্রস্তাবিত চট্টগ্রাম উইংস, স্পোর্টস উইংস ও যুব উইংস ও মিডিয়া কর্মী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজসহ বিশিষ্টজনরা।

সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। উপস্থিত সবাই সর্বদা মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সোশ্যাল ক্লাবের ভূয়সী প্রশংসা করেন।

ইত্তেফাক/এইচএ