বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন বাকৃবির ৬৬১ শিক্ষার্থী

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৩:৩০

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’(এনএসটি)-এর জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৬১ জন স্নাতকোত্তর ও পিএইচডি  শিক্ষার্থী। মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে ২০২৩-২৪ অর্থবছরের বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান এই তিন গ্রুপে ফেলোশিপ দেওয়া হয়। এর মধ্যে খাদ্য ও কৃষি বিজ্ঞান গ্রুপে ফেলোশিপের জন্য মোট ১ হাজার ৭০৬ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। যার মধ্যে বাকৃবির ৬৫৯ জন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান গ্রুপে ফেলোশিপের জন্য মোট ৯২৫ শিক্ষার্থীর মধ্যে বাকৃবির দুই জন শিক্ষার্থী রয়েছেন। এ বছর বাকৃবি থেকে মোট ৬৬১ জন স্নাতকোত্তর ও পিএইচডি  শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন। এক বছরের জন্য ফেলোশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী ৫৪ হাজার টাকা করে পাবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণায় অনেক সুনাম অর্জন করেছে। শিক্ষার্থীরা তাদের প্রস্তাবিত গবেষণা প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি।

ইত্তেফাক/এমএএম