নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসনদের নিয়ে তারকা ঠাসা আক্রমণ ভাগ। ৭১ শতাংশ বল দখলে রেখে পুরো খেলায় ছিল ব্রাজিলের আধিপত্য। তারপরও ভেনেজুয়েলার কাছ থেকে জয় ছিনিয়ে নিতে পারল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৮৫ মিনিটে গোল করে বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিলকে আটকে দিল ভেনেজুয়েলার মিডফিল্ডার এডোয়ার্ড ভেলো।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে অ্যারেনা পান্তানালে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি জয় ব্রাজিল ও ভেনেজুয়েলা। ৫০ মিনিটে নেইমারে এসিস্ট থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেয় গাব্রিয়েল। কিন্ত ৮৫ মিনিটে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করে ভেনেজুয়েলাকে সমতায় ফেরায় ভেলো। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়েন দুই দল।
নেইমার, ভিনিসিয়ুস, রিচার্লিসনদের নিয়ে শুরু থেকেই আক্রমণে মন দেয় ব্রাজিল। তবে ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি এই ত্রয়ী। প্রথমার্ধে তাই কোনো গোলও আসেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমারের শট আটকে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। তবে ৫০তম মিনিটে এসে গোলমুখ খুলে ব্রাজিল। নেইমারের কর্নার থেকে গতিময় হেডে জাল খুঁজে নেন গাব্রিয়েল।
এরপর ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ হারান নেইমার। তার শট ক্রসবারে ওপর দিয়ে ছুটে যায়। ৭০তম মিনিটে নেইমারের সহায়তায় জোরাল শটে বল জালে জড়ান ভিনিসিয়ুস৷ তবে অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়। এই ড্রয়ে থামল ঘরের মাঠে ব্রাজিলের ১৫ ম্যাচের জয়রথ।
এই ড্রয়ে দুই পয়েন্ট হারিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তিন ম্যাচে ব্রাজিলে পয়েন্ট সাত। অন্যদিকে, এই ম্যাচের আগে ওতামেন্দির গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে টেবিলে শীর্ষে ওঠে আর্জেন্টিনা।
