বিশ্বকাপ ক্রিকেট জ্বরে আক্রান্ত এখন পুরো বিশ্ব। সেই বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরেই চ্যানেল আই আয়োজন করেছে ক্রিকেট বিষয়ক ৩টি গল্পের ৬ পর্বের টেলিফিল্ম! সঙ্গে বাড়তি বোনাস হিসেবে থাকছে আরও একটি পর্ব। আজ থেকে শুরু হচ্ছে এই আয়োজন। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
১৩ এবং ২০ অক্টোবর, বিকেল ৩টা ৫ মিনিটে থাকছে আশরাফ শিশির-এর পরিচালনায় টেলিফিল্ম ‘ওহ ক্রিকেট!’ ২৭ অক্টোবর এবং ৩ নভেম্বর বিকেল ৩টা ০৫ মিনিটে থাকছে রকেট নিবেদিত গোলাম সোহরাব দোদুল-এর পরিচালনায় টেলিফিল্ম ‘সাকিব দ্য গ্রেট’। ১০ এবং ১৭ নভেম্বর বিকেল ৩টা ০৫ মিনিটে থাকছে নিমা রহমান-এর পরিচালনায় টেলিফিল্ম ‘একটি লাল বলের স্বপ্ন’। সবশেষে ২৪ নভেম্বর, বিকেল ৩টা ০৫ মিনিটে থাকছে ‘একটি লাল বলের স্বপ্ন’-এর বাড়তি বোনাস পর্ব।
ক্রিকেট নিয়ে এই আয়োজনকে ঘিরে গত বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আই-এর স্টুডিওতে অনুষ্ঠিত হয় একটি সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ক্রিকেট বিষয়ক টেলিফিল্মের পরিচালক, শিল্পীসহ চ্যানেল আই-এর পক্ষ থেকে অভিনেতা ও চ্যানেল আই-এর সিনিয়র জেনারেল ম্যানেজার শহিদুল আলম সাচ্চু, আই স্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর চিত্রনায়ক রিয়াজ এবং ক্রিকেটার জাভেদ ওমর বেলিম।
এর বাইরেও ক্রিকেট ওয়ার্ল্ড কাপের মাস জুড়ে চ্যানেল আইতে থাকছে ক্রিকেট নিয়ে বিশ্লেষণমূলক অনুষ্ঠান ‘ডাগ আউট’, ক্রিকেট নিয়ে ফেরদৌস হাসান পরিচালিত ধারাবাহিক ‘মারছক্কা’ এবং মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘ছক্কা’সহ আরও নানা আয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর সহকারী নির্বাহী পরিচালক (অনুষ্ঠান) আমীরুল ইসলাম, কণ্ঠশিল্পী শুভ্র দেব, নির্মাতা আশরাফ শিশির, অভিনেত্রী নিমা রহমানসহ টেলিফিল্মগুলোর অভিনেতা ও কলাকুশলীবৃন্দ। এই উদ্যোগ নিয়ে আমীরুল ইসলাম বলেন, ‘দর্শকের সবরকম উত্সবের সাথে চ্যানেল আই কাজ করেছে সবসময়। এ কারণে দর্শকেরা এই চ্যানেলটিকে একটি পরিবার হিসেবেই দেখে। সেই ধারাবাহিকতায় ক্রিকেট উন্মাদনাকে ঘিরে এই আয়োজন দর্শকদের বাড়তি আনন্দ দেবে।’
