দুই বছর পর লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। গত রোববার (৮ অক্টোবর) ‘ডোডোর গল্প’ সিনেমারে শুটিংয়ের জন্য দাড়িয়েছিলেন ক্যামেরার সামনে। আর এরই মধ্যে অসুস্থ হয়ে পরেছেন পরীমণি। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে অসুস্থতার কথা জানান পরীমণি। লেখেন, ‘হঠাৎ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। সবাই দোয়া করবেন।’
হাসপাতালে পরীমণির সঙ্গে তার ছেলে রাজ্য রয়েছে। সেই ফেসবুকে পোস্ট একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমণি। তার বাঁ হাতে স্যালাইন চলছে। ছোট্ট রাজ্য তার পাশে বসে ক্যানোলা লাগানো স্থানে ফুঁ দিচ্ছেন। এ ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন— ‘আমার জীবনের শান্তি! আমি তোমার মতো বাজান পেয়ে ধন্য। আলহামদুলিল্লাহ।’
‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক রেজা ঘটক। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।
