বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে নৈশভোজে অংশ নিয়েছেন 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রের কলাকুশলীরা।
শুক্রবার (১৩ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়।
নৈশভোজে আসা শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী আগামীতেও এ ধরনের চলচিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন, যাতে নতুন প্রজন্ম এ দেশের ইতিহাস সঠিকভাবে জানতে পারে। একইসঙ্গে সারাদেশের জেলাগুলোতে যেসব সিনেমা হল বন্ধ রয়েছে সেগুলো সংস্কার করে পুনরায় চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মতা শ্যাম বেনেগাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক ঘটনাবলী চিত্রিত করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিক পরিচালনা করেছেন। ভারত ও বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে ছবিটি নির্মাণ করেছে।
এর আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁও ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো দেখেন। ছবিটি শুক্রবার সারাদেশের সিনেমা হলগুলোতে একযোগে মুক্তি পেয়েছে।
