নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বিএনপি: শাজাহান খান

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১১:৩৫

লবিস্ট নিয়োগ করে নির্বাচনকে বিএনপি প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান। এ সময় বিএনপিকে নির্বাচনে আসার জন্য আহ্বান করেন তিনি।

শনিবার (১৪ অক্টোবর) মাদারীপুরে মাদারীপুর প্রেসক্লাবের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন এবং কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদেরকে কম্পিউটার সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মাদারীপুর-২ আসনের এই সাংসদ।

ছবি: ইত্তেফাক

শাজাহান খান বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপ ও আমেরিকাসহ (যুক্তরাষ্ট্র) বিভিন্ন দেশে কার্যক্রম চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সেই তাল হারিয়ে ফেলেছে। বিএনপি চিন্তা করেছিল আগামী নির্বাচন অকার্যকর করে দেবে। দেশের জনগণ এ ব্যাপারে অনেক সতর্ক। পথ হারিয়েছে বিএনপি।’

ছবি: ইত্তেফাক

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার বয়স অনেক। এই বয়সে মানুষ অসুস্থ হতেই পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও গুরুত্ব দেবেন তার চিকিৎসার ব্যাপারে। সব ধরনের চিকিৎসা এ দেশেই হবে। আর বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে আইন অনুযায়ী সরকার প্রয়োজনে ব্যবস্থা নেবে।’

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রি মাদারীপুরের সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এইচএ