প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে এমনটাই মনে করেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান (সিআইপি)।
সম্প্রতি তার নিজ এলাকায় গরিব দুঃখী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার সর্বস্তরের জনসাধারণের মধ্যে ফ্রি করোনা টিকা প্রদান করেছে, যেটা উন্নত বিশ্ব করতে পারেনি। বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের মধ্যে গৃহ প্রদান করেছেন, গরীব অসহায়দের মধ্যে বিভিন্ন ভাতা চালু করেছেন, স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী (পণ্য) সরবরাহ করেছেন। এলাকার রাস্তাঘাটসহ সার্বিক বিষয়ে উন্নয়ন হয়েছে। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল।
শেখ হাসিনার কর্মী হয়ে কাজ করে মতলব উত্তর ও দক্ষিণের সাধারণ মানুষের আস্থার জায়গায় পৌঁছে গেছেন এম ইসফাক আহসান (সিআইপি)। উপজেলার গরীব দুঃখীদের পাশে দাঁড়ানো ও সামাজিক কর্মকাণ্ডে প্রতিনিয়ত অবদান রাখছেন তিনি।
এম ইসফাক আহসান বলেন, আমার নির্বাচনী এলাকা মতলব উত্তর-দক্ষিণে এ পর্যন্ত ৬০০টির মতো অসহায় গৃহহীনদের আমার নিজস্ব অর্থায়নে ঘর দিয়েছি। সেই সঙ্গে বিধবা ভাতা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট, স্কুল-কলেজ যেখানে যা লেগেছে আমি চেষ্টা করেছি সহযোগিতা করতে। যতদিন বেঁচে থাকবো আমি ও আমার পরিবার অসহায়-গরীব মানুষের পাশে সব সময় থাকবো ইনশাল্লাহ।
তিনি বলেন, আমার পরিবার ও আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগকে ভালবেসে মতলব উত্তর দক্ষিণের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের পাশে থেকে কাজ করে যাচ্ছি এবং সবসময়ই আর্থিক সহযোগিতাসহ বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। বর্তমানে এম ইসফাক আহসান, সিআইপি বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্যপদে রয়েছেন।
