কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কাশেমবাজার এলাকায় কুড়িগ্রাম-তিস্তা রেলপথের একটি সেতুর অ্যাবাটমেন্ট ভেঙে যাওয়ায় কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বদ্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমনিরহাট রেলওয়ে সূত্র জানায়, রাজারহাটের ঘড়িয়ালডাঙা ইউনিয়নের চায়নাবাজারের কাছে কাশিম বাজার এলাকায় একটি রেলসেতুর পশ্চিম প্রান্তের অ্যাবাটমেন্ট ভেঙে গেছে। গত কয়েকদিন থেকে পানির স্রোতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। জিও ব্যাগ ফেলে সেটি রক্ষার চেষ্টা করছিল রেল বিভাগ। তবে সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার বিকেলে সেতুটির পশ্চিম পাশের অ্যাবাটমেন্ট ভেঙে যায়। এরপরই এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সঙ্গে সন্ধ্যার পর থেকে সেতুটি মেরামতে কাজ শুরু করা হয়।
কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুযোহা জানান, রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে। সেতুটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কুড়িগ্রাম রেল স্টেশন সূত্র জানায়, শুক্রবার সকালে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ও চিলমারী কমিউটার ট্রেন কুড়িগ্রাম ছেড়ে গিয়েছিল। কিন্তু সেতু ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে বিকালে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে শুক্রবার সন্ধ্যায় রংপুর এক্সপ্রেসের শাটল ও চিলমারী কমিউটার ট্রেনটি কুড়িগ্রামে প্রবেশ করেনি।
লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ সেতুটি মেরামতে আমরা কাজ করছি।
রেল যোগাযোগ চালুর বিষয়ে তিনি জানান, সাময়িকভাবে এই রেলপথে সব ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আপাতত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে। এটি তিস্তা স্টেশনেও যাত্রা বিরতি করবে। সেতু মেরামত শেষে দ্রুতই কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।
