রেল সেতু মেরামতে শতাধিক শ্রমিক

কুড়িগ্রামে ট্রেন চলাচল সন্ধ্যায় স্বাভাবিক হতে পারে

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৫:৫৭

কুড়িগ্রামের রাজারহাটে দেবে যাওয়া রেল সেতু মেরামতের কাজ শুরু করেছেন শতাধিক রেল শ্রমিক। রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চলছে বিরামহীন মেরামতের কর্মযজ্ঞ।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে ভোররাত থেকে উপজেলার সিঙ্গেরডাবরি এলাকায় ফোর জে রেলসেতুর মেরামতের কাজ শুরু হয়।

জানা যায়, কয়েকদিনের বৃষ্টিপাতে সেতুটি ক্ষতিগ্রস্ত হলে শুক্রবার (১৩ অক্টোবর) রাত থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুর লোকাল ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।

ছবি: ইত্তেফাক

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার সামসুযোহা জানান, রেলসেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে কুড়িগ্রাম এক্সপ্রেস। যাত্রীরা লালমনিরহাট, তিস্তা ও কাউনিয়া স্টেশন থেকে ট্রেনে উঠতে পারবেন।

লালমনিরহাট রেলপথ বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, দ্রুতগতিতে মেরামতের কাজ চলছে। আজ (শনিবার) সন্ধ্যার মধ্যে কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ইত্তেফাক/এইচএ