মারা গেছে সিংহী ‘নোভা’

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৬:০৫

চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহী ‘নোভা’ আর নেই। শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে আটটায় বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে নোভার মৃত্যু হয়।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, গত এক বছর ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিল সিংহী নোভা এবং ছয় মাস ধরে অচল ছিল পেছনের পা গুলো। এমনকি খাবার খাওয়া কমিয়ে দিয়েছিল এই সিংহী। গত ১০ দিন ধরে সে কিছুই মুখে তুলছিল না। মৃত্যুর সময় নোভার বয়স ছিল প্রায় ১৮ বছর ৪ মাস।

তিনি আরও জানান, ময়নাতদন্তের পর নোভাকে মাটিচাপা দেওয়া হবে। তার আগে সংরক্ষণ করা হবে চামড়া। ভবিষ্যতে চিড়িয়াখানায় জাদুঘর হলে সেখানে নোভার চামড়া রাখা হবে। পরে সংগ্রহে রাখা হবে কঙ্কালও।

নোভার জন্ম ২০০৫ সালের জুনে। সিংহ দম্পতি রাজ-লক্ষ্মীর ঘরে ২০০৫ সালের ১৬ জুনসিংহী বর্ষা ও নোভার জন্ম হয়। তাদের জন্মের কিছুদিন পর তাদের বাবা রাজ এবং ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি মা লক্ষ্মীর মৃত্যু হয়।

ইত্তেফাক/এমটিিএইচএ