গাজা উপত্যকায় নজিরবিহীন হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামাস নিয়ন্ত্রিত গাজায় তারা স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা চালাবে। শনিবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গতকাল শনিবার সন্ধ্যায় এ বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, ব্যাটালিয়ন্স ও সেনাদের দেশজুড়ে মোতায়েন করা হয়েছে ও যুদ্ধের পরবর্তী পর্যায়ে প্রস্তুতি বাড়ানোর জন্য প্রস্তুত।
তবে ঠিক কবে থেকে এই অভিযান শুরু হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি আইডিএফ। এর আগে আইডিএফ দেশে তিন লাখের বেশি রিজার্ভ সেনা সমাবেশের ডাক দেয়। এ ছাড়া ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিচার্ড হেচট গাজার উত্তরাঞ্চলে নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গত সপ্তাহে হামাসের হামলার জবাবে আরও আক্রমণ আসছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলা হয়েছে, যা আসছে এর জন্য কী আপনারা প্রস্তুত?
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে আকস্মিক হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেইসঙ্গে কয়েক হাজার হামাসের যোদ্ধা ইসরায়েলের সীমান্ত বেড়া ভেঙ্গে দেশটিতে অনুপ্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার ৩০০ জনের বেশি। আহত হয়েছে তিন হাজার ৪০০ জন।
