যাত্রী বেশে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা, গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১০:১৫

গাজীপুরের কালীগঞ্জে যাত্রী বেশে নয়ন (৫০) নামে এক চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় দেলোয়ার হোসেন (৬০) নামে ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছেন।

রোববার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান পিপিএম। এর আগে শনিবার রাত আটটার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দেলোয়ার গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট এলাকার মৃত ইউসুফ আলী ছেলে। সে একজন পেশাদার ছিনতাইকারী ও চোর। তার বিরুদ্ধে গাজীপুর জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন থানায় দশটি মামলা রয়েছে। অন্যদিকে, নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো অচেতন অটোরিকশা চালক নয়ন উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের হাশেমের ছেলে।

ওসি জানান, শনিবার বিকেলে যাত্রীবেশে ছিনতাইকারী দেলোয়ার তার এক সহযোগীকে নিয়ে পানজোরা থেকে নয়নের ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে বসেন। একপর্যায়ে তারা অটোরিকশা চালক নয়নকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে কালীগঞ্জ-টঙ্গী সড়কের দড়িপাড়া এলাকায় সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় দেলোয়ারকে আটক করতে পারলেও তার কৌশলে অন্য সহযোগী পালিয়ে যায়। কিছুক্ষণ পর খবর পেয়ে নয়নের এলাকার লোকজন দড়িপাড়া এলাকায় যায়। ওই সময় উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে দেলোয়ারের ওপর চড়াও হয়ে তাকে গণপিটুনি দিয়ে পানজোড়া এলাকায় নিয়ে যায়। একপর্যায়ে গণপিটুনিতে আহত দেলোয়ার অচেতন হয়ে পড়লে তাকে পানজোরা এলাকায় সড়কের পাশে ফেলে চলে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে শনিবার রাত আটটার দিকে দেলোয়ারকে উদ্ধার করে কালীগঞ্জ থানার পুলিশ। হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এইচএ